রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 6, 2026 রেড ক্রিসেন্টে নির্বাচনে তরুণদের পাশে থাকার প্রত্যয়ে এনসিপি প্রার্থী নিরব রায়হান
রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবারই ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। এ নির্বাচন ঘিরে আজীবন সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আদলে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এবারের নির্বাচনে তরুণ হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ এ প্রার্থী।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিরব রায়হান বলেন, “সর্বমহলে তারুণ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি, তরুণরাই আগামী এবং তরুণদের হাত ধরেই আগামীর একটি আকাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। রেড ক্রিসেন্টে যারা মাঠপর্যায়ে মানবিক কাজে অংশ নেন, তাঁদের অধিকাংশই তরুণ। আমি সেই তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের যাঁরা আজীবন সদস্য রয়েছেন, রেড ক্রিসেন্ট-সংক্রান্ত যেকোনো কর্মকাণ্ডে তাঁদের অংশীদারত্ব নিশ্চিত করতে চাই। বিগত সময়ে একটি অ্যাডহক কমিটিতে কাজ করার সুবাদে আমি লক্ষ্য করেছি, এখানে আজীবন সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হয় না বা তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না। আমি তাঁদের মূল্যায়ন ও অংশীদারত্ব নিশ্চিত করতে চাই।”

নির্বাচিত হলে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে নিরব রায়হান বলেন, “আমি ব্যাপকভাবে আশাবাদী- ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন। ফলে এখন দুটি পদে ভোট গ্রহণ হবে। সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী এবং পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে লড়ছেন আটজন।

ভোটারদের সেক্রেটারি পদে একজন এবং সদস্য পদে পাঁচজনকে ভোট দিতে হবে।